AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৩ পিএম, ২১ মে, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যম খাতকে আরও কার্যকর ও স্বাধীন করতে সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলির সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। জবাবে মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ খাতে নীতি নির্ধারণ ও উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতাও কামনা করেন তিনি।

তথ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-এর অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম খাতে কাজে লাগানোর বিষয়ে সরকার আগ্রহী। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার।

অন্যদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য মোকাবিলার বিষয়টি গুরুত্ব পায়। তথ্যমন্ত্রী বলেন, সরকার একদিকে যেমন স্বাধীন গণমাধ্যম চায়, অন্যদিকে জনগণকে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সুরক্ষিত রাখতেও কাজ করছে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনা তৈরি করলেও এটি বৈশ্বিকভাবে নতুন চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি সুইজারল্যান্ডকে বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান।

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!