ঢাকাঃ সাভার এলাকার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাংগুটিয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল পরিকল্পণাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালাম উদ্দিন, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, সহ-সভাপতি আলতাব হোসেন, মেম্বার রবিউল আওয়াল হাসু ও মেম্বার আবুল বাশার মন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক জুলহাস উদ্দিনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

