রাষ্ট্রীয় শোক ও সার্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।
ঘোষণায় আরও বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এবং অনিবার্য কারণ বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির আওতাধীন সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এর আগে, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

