দই বিফ গরুর মাংসের ভিন্নধর্মী ও সুস্বাদু একটি পদ। উৎসবের আয়োজন হোক কিংবা ঘরোয়া খাবার, এই রান্না সহজেই বাড়িয়ে দেয় স্বাদের মাত্রা। গরুর মাংস ভুনা বা আলু দিয়ে মাংসের মতো পরিচিত পদ ছাড়াও এবার তৈরি করতে পারেন মজাদার দই বিফ।
নরম ও মশলাদার এই খাবার ভাত, রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাও—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক সহজে দই বিফ রান্নার রেসিপি।
তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি
ফেটানো টক দই- আধা কাপ
তেল- পরিমাণমতো
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ- ২টি
মাংসের মসলা- ২ চা চামচ
দারুচিনি ও এলাচি- কয়েকটি
কাজুবাদাম ও কাঠবাদাম- ৭-৮টি।
যেভাবে তৈরি করবেন
মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ৫-৮ মিনিট কষিয়ে নিন।
এরপর বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ২-৩ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বিফ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

