ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তিনি বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজের বিজয়কে অবৈধ ঘোষণার পাশাপাশি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামুনুল হকের আইনজীবীদের দাবি, নির্বাচনে ভোট গ্রহণ ও ফল গণনার সময় নানা ধরনের অনিয়ম হয়েছে, যার ফলে ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি। এ অবস্থায় পুনরায় ভোট গণনা অথবা পুরো ফলাফল বাতিলের আবেদন জানানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে ইতোমধ্যে দেশের বিভিন্ন আসন থেকে আরও প্রায় ২৫ জন প্রার্থী হাইকোর্টে রিট করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে ঢাকা-১৩ আসনের ফলাফল বহাল থাকবে নাকি নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

