ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
এই দুই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জন আসামি রয়েছেন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের বাইরে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও মামলার আসামি। এদের মধ্যে ২১ জন পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীতে নিজেদের নামে বাড়ি, ফ্ল্যাট বা অন্যান্য আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তা গোপন করেন। এর মাধ্যমে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিতে গিয়ে আইন, বিধি ও সরকারি নীতিমালা লঙ্ঘন করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদমর্যাদা ও প্রভাব ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রাজউকের নতুন শহর প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ নেন। পরবর্তীতে সেসব প্লট শেখ রেহানার সন্তানদের নামে হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রে রাজউকের বিদ্যমান বিধিনিষেধও অমান্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ইতোমধ্যে পূর্বাচল প্লট দুর্নীতির চারটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২৬ বছরের কারাদণ্ডের রায় হয়েছে। চলমান এই দুই মামলাতেও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ পৃথক আদেশে এই দুই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

