জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাঁর সাজা থেকে অব্যাহতি চেয়ে আপিল করেছেন। সাবেক এই পুলিশপ্রধানের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আপিল আবেদনে তাঁর পক্ষে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইজিপি মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
ওই রায়ে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা প্রতিষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ পালন করেন। সেই নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপি সক্রিয় ভূমিকা রাখেন।
ট্রাইব্যুনাল মন্তব্য করে, এসব অপরাধ সর্বোচ্চ শাস্তিযোগ্য। রায়ের পর প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোমধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।
অন্যদিকে, রাজসাক্ষী হিসেবে দণ্ডপ্রাপ্ত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তাঁর পাঁচ বছরের কারাদণ্ড থেকে মুক্তি চেয়ে আপিলের আশ্রয় নিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

