AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

বরেন্দ্র অঞ্চলে অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ দায়িত্বশীলদের কাছে শিশুটির পরিবারের জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঝুঁকিপূর্ণ নলকূপ স্থায়ীভাবে বন্ধের দাবি জানানো হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক নলকূপ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেগুলো সঠিকভাবে সুরক্ষিত না থাকায় জনসাধারণ—বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইনি নোটিশে সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরা হয়, যেখানে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি অরক্ষিত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে। এ ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও প্রশাসনিক অবহেলার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ প্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিত্যক্ত নলকূপগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও জরিপ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলো সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অনুমোদনহীন নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার জন্য মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (পিআইএল) হিসেবে হাইকোর্ট বিভাগের দ্বারস্থ করা হবে।

উল্লেখ্য, শিশু সাজিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপগুলোকে ‘মৃত্যুকূপ’ হিসেবে অভিহিত করে শিশুদের জীবনের মারাত্মক ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!