রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে একজন ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে বলেন।
মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য ইতোমধ্যে পেপারবুক প্রস্তুত করা হয়েছে। শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে আদালতে পৌঁছেছে এবং বর্তমানে তা যাচাই-বাছাই চলছে।
এর আগে গত ৭ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ ভিকটিমের আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।
পরবর্তীতে ৯ জুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে, যা এখন নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারাধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

