২৭তম বিসিএস পরীক্ষা–২০০৫ এর ফলাফলের ভিত্তিতে প্রথম ধাপে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পর্যায়ের পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পিএসসির ৫ নভেম্বরের সুপারিশপত্রের আলোকে নির্বাচিত ৬৭৩ জনকে জাতীয় বেতনস্কেল–২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ক্যাডারের জন্য নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যা প্রয়োজনে সরকার সর্বোচ্চ আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে।
শর্তে আরও বলা হয়েছে, শিক্ষানবিশকালে কাউকে চাকরিতে বহাল রাখার অনুপযুক্ত মনে হলে কারণ দর্শানোর প্রয়োজন ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তার চাকরি বাতিল করা যেতে পারে। তবে নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। বন্ডের শর্ত অনুযায়ী, শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে পদত্যাগ করলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা, ভ্রমণ ভাতা ও অন্যান্য ব্যয় বাবদ সরকারের বহন করা অর্থ ফেরত দিতে হবে।
এছাড়া সরকার কর্তৃক ইস্তফা গ্রহণের আগে দায়িত্বে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী পাওনা অর্থ আদায় করা হবে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যাচের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে প্রথম দফার নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে এ নিয়োগ কার্যকর হবে। তবে এই জ্যেষ্ঠতার কারণে কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

