হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের অভিযোগে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান টোল নিচ্ছে—এমন খবর পাওয়া যাচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা উচিত।
আরেক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তেলবাহী জাহাজের ক্ষেত্রে ইরানের এমন আচরণ ‘অগ্রহণযোগ্য’ এবং এটি যুদ্ধবিরতির চুক্তির অংশ নয়। তৃতীয় পোস্টে তিনি জানান, ইরান সহযোগিতা করুক বা না করুক, খুব শিগগিরই হরমুজ দিয়ে তেলের প্রবাহ স্বাভাবিক হবে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে অগ্রিম টোল আদায়ের নির্দেশনা দিয়েছে। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হতে পারে।
অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে। যুদ্ধবিরতি চলাকালীন সময়েই এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানা গেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

