লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলের সব কূটনৈতিক মিশনকে লক্ষ্যবস্তু করা হবে— এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার (৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ সতর্কবার্তা দেন।
ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল একটি ‘অপরাধী রাষ্ট্র’, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক রীতি ও সার্বভৌম সীমার প্রতি কোনো সম্মান দেখায়নি। ইরানের সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তেহরান এখন পর্যন্ত আন্তর্জাতিক শালীনতা ও কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করে এসেছে।
শেকারচির ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই।
তিনি আরও বলেন, যদি লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা চালানো হয়, তাহলে ইরান বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে কঠোর ও সরাসরি জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে একাধিক মার্কিন কূটনৈতিক মিশন এবং ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি দূতাবাস কমপ্লেক্সের আশপাশে ইরানের একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুইজন আহত হওয়ার ঘটনাও ঘটে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

