AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র,বাতিল ৫,০০০ বেশি ফ্লাইট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৭ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র,বাতিল ৫,০০০ বেশি ফ্লাইট

রেকর্ড পরিমাণ তুষারপাত ও শক্তিশালী শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঝড়ের প্রভাবে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কয়েকটি এলাকায় প্রায় ৩৩ ইঞ্চি (৮৩ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জমেছে ১৯ ইঞ্চির বেশি তুষার। উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ১ থেকে ২ ফুট তুষার জমার আশঙ্কা রয়েছে।

ঝড়ের তীব্রতার কারণে নিউইয়র্কে ‘প্রায় অসম্ভব’ ভ্রমণ পরিস্থিতির সতর্কতা জারি করা হয়। রোড আইল্যান্ড ও কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তীতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেন এবং মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ মাইলে নামিয়ে আনেন।

গভর্নর হিলিও জানান, হোয়াইটআউট পরিস্থিতির কারণে রাস্তায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কেউ আটকে পড়লে জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলজুড়ে ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ম্যাসাচুসেটসে প্রায় ৩ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হন, যার মধ্যে কেপ কড অঞ্চলে প্রায় ৮৫ শতাংশ গ্রাহক ক্ষতিগ্রস্ত। কানেকটিকাট ও নিউ জার্সিতে গাছ ও ডাল ভেঙে সড়কের ওপর পড়ায় যান চলাচল ব্যাহত হয় এবং আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা তৈরি হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫ হাজার ৬৭৫টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ এবং জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল হয়। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর ৯২ শতাংশ, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ৯২ শতাংশ এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ৮১ শতাংশ ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

রোড আইল্যান্ডে এই তুষারঝড়কে ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রভিডেন্স শহরে ৩৩ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে হওয়া ২৮ দশমিক ৬ ইঞ্চির আগের রেকর্ড ভেঙেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুষার পরিষ্কার কার্যক্রমে বাধা দেওয়ায় প্রভিডেন্স শহরে ৩০০টির বেশি যানবাহন জব্দ ও সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগতে পারে। এ অবস্থায় নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!