বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি বিবিসি হিন্দির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১৯৬৪ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এ সাংবাদিকতা শুরু করেন মার্ক টালি। পরের বছরই তিনি দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ওই বছরের এপ্রিলের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র সংগ্রহের জন্য। সে সময় পাকিস্তান সরকার সীমিত পরিসরে মাত্র দুজন বিদেশি সাংবাদিককে ওই অঞ্চলে প্রবেশের অনুমতি দিয়েছিল, যার একজন ছিলেন মার্ক টালি।
একাত্তরের সেই সফরের স্মৃতিচারণে তিনি জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে সড়কপথে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করেন এবং পথে যুদ্ধবিধ্বস্ত জনপদ ও মানুষের দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ সরকার।
বিবিসি থেকে অবসর নেওয়ার পরও সাংবাদিকতা থেকে দূরে সরে যাননি মার্ক টালি। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ চালিয়ে যান এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন।
বিশ্ব সাংবাদিকতায় এক প্রভাবশালী নাম হিসেবে পরিচিত মার্ক টালির মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

