AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ৮২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (BNPB) মুখপাত্র আবদুল মুহারি শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি। সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস জানায়, শনিবার ভোরে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে এ ভূমিধস ঘটে। মাউন্ট বুরাংরাংয়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোত ও আলগা মাটি একযোগে আছড়ে পড়ে অন্তত ৩০টি বাড়ির ওপর। এ সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহতের সংখ্যা এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে টানা ভারী বৃষ্টির কারণে এলাকাটি আগেই প্লাবিত ছিল, যা ভূমিধসের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

আরও দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় প্রশাসন ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) বলে জানিয়েছে কম্পাস।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে।

জাকার্তাভিত্তিক সংবাদ সংস্থা আন্তারা জানায়, চিতারুম ও চিবিত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টি উপ-জেলার মধ্যে অন্তত ২০টিতে বন্যা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, টানা বৃষ্টির কারণে পূর্ব জাকার্তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!