রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দায় বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “ঈদের আনন্দের মধ্যেও আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রাথমিকভাবে জানা গেছে, এক মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি বন্ধ করা হয়েছিল। পরে সম্ভবত গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”
মন্ত্রী আরও জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ ঘটনার খবর পান। পরে তাৎক্ষণিকভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সরকার সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। আক্রান্ত শিশুদের আলাদা রাখা গেলে ঈদের পর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

