স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, , চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ (বুধবার) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর পথ আরও সুগম হলো।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। চিকিৎসা শিক্ষা ও সেবা প্রসারে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই সমঝোতা শুধু দুইটি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব নয়, বরং চিকিৎসা শিক্ষা, সার্জারি, গবেষণা ও দক্ষতা উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আসছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে চীনের সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

