মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারিকালে বিশ্বব্যাংকের অর্থায়নে জেলা পর্যায়ে স্থাপিত ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটগুলো, যা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে বন্ধ হয়ে যায়, সেগুলো আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু করা হবে।
তিনি বলেন, “মানুষের জীবন রক্ষায় দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির বিকল্প নেই। তাই মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক চাপ কমানো এবং নৈতিক শিক্ষায় জোর দিতে হবে।”
স্বাস্থ্যখাতে বেসরকারি খাতের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই চিকিৎসকদের দায়িত্বশীলতা ও মানবিকতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে হবে।
মেডিকেল শিক্ষায় ঋণ সুবিধার বিষয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা থাকলেও দেশের আর্থিক বাস্তবতা বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারা দেশে টিকাদান কর্মসূচি চালু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

