দেশের স্বাস্থ্যখাতে অতীতে পরিকল্পনাহীনভাবে হাসপাতাল নির্মাণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের মুলতবি বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে অনেক হাসপাতাল প্রকল্প যথাযথ পরিকল্পনা ছাড়াই দ্রুত বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে অবকাঠামোগত নানা ত্রুটি দেখা দিয়েছে। তার ভাষায়, কিছু ক্ষেত্রে প্রবেশপথ ও অভ্যন্তরীণ নকশায় সমন্বয় না থাকায় ভবনগুলো কার্যত ব্যবহারের অনুপযোগী অবস্থায় তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, এসব প্রকল্পে লুটপাট ও অনিয়মের মাধ্যমে অর্থ অপচয় করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে চলমান আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনার জন্যও পর্যাপ্ত বরাদ্দ নেই।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার ধাপে ধাপে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে বলে জানান তিনি। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেই উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ শুরু করা হবে বলেও সংসদে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

