মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ থাকবে। ঈদুল ফিতরের ছুটি শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আবার ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নেবে।
এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি হয়ে পড়েছে। এ কারণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদের ছুটি পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার মতো নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং যানবাহনের ব্যবহার সীমিত রাখার কথাও বলা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

