প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক সংলাপে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে।
স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যথাযথ তদারকি না থাকলে এ খাতের উন্নয়ন পরিকল্পনা মেগা দুর্নীতির ঝুঁকিতে পড়তে পারে। তাই স্বচ্ছতা নিশ্চিত করে ধাপে ধাপে সব কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য ও চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে উল্লেখ করে এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

