বাংলাদেশের স্বাস্থ্যখাত দিন দিন আধুনিক ও বিস্তৃত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দক্ষ নার্সের চাহিদাও বাড়ছে। তবে আমাদের সমাজে এখনও নার্সিং পেশাকে অনেকাংশে নারীদের পেশা হিসেবে দেখা হয়।
ফলে পুরুষদের অংশগ্রহণ তুলনামূলক কম হলেও বাস্তবতা হলো আধুনিক স্বাস্থ্যসেবায় পুরুষ নার্স বা Male Nurse দের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, অপারেশন থিয়েটার, মানসিক স্বাস্থ্যসেবা, ট্রমা কেয়ার ও দুর্যোগ ব্যবস্থাপনায় পুরুষ নার্সরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। শারীরিক সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সংকটপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে নারী সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানবিক করে তুলছেন।
তবে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে এখনও অনেক পুরুষ শিক্ষার্থী নার্সিং পেশায় আসতে দ্বিধাবোধ করেন। পরিবার ও সমাজের একটি অংশ এই পেশাকে পুরুষদের জন্য যথেষ্ট মর্যাদাপূর্ণ মনে করে না। অথচ উন্নত বিশ্বে নার্সিং একটি সম্মানজনক ও উচ্চ চাহিদাসম্পন্ন পেশা, যেখানে নারী-পুরুষ উভয়েই সমানভাবে কাজ করছেন। বাংলাদেশেও ধীরে ধীরে এই ধারণার পরিবর্তন ঘটছে।
দেশের অধিকাংশ নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে নারী ও পুরুষ শিক্ষার্থীর অনুপাত এখনও প্রায় ৯:১। অর্থাৎ নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি। তবে এই প্রচলিত বৈষম্যমূলক চিত্র থেকে ব্যতিক্রম তৈরি করেছে Jessore University of Science and Technology-এর নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগ।
এখানে শিক্ষার্থী ভর্তি করা হয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে; লিঙ্গের ভিত্তিতে নয়। ফলে নারী ও পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ, যা নার্সিং শিক্ষায় সমতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির একটি ইতিবাচক উদাহরণ।
এই ধরনের উদ্যোগ শুধু পুরুষ শিক্ষার্থীদের নার্সিং পেশায় আগ্রহী করে তুলছে না, বরং সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে নার্সিং কোনো নির্দিষ্ট লিঙ্গের পেশা নয়; এটি মানবসেবার মহান দায়িত্ব।
বাংলাদেশের স্বাস্থ্যখাতে দক্ষ জনবল সংকট মোকাবিলায় পুরুষ নার্সদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক প্রচার এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। কারণ একজন দক্ষ নার্সের পরিচয় তার মানবিকতা, যোগ্যতা ও সেবাদানের মানসিকতায়, লিঙ্গে নয়।
ফিচার লেখক: কাওসার বেপারী,
নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

