সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতির পর আবারও রাজধানী ঢাকার বায়ুদূষণ বেড়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর দাঁড়িয়েছে ২৭২। এই মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
একই সময়ের হিসাবে ২১৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ভারতের রাজধানী দিল্লি ২০৩ স্কোর নিয়ে তৃতীয়, ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ এবং কিরগিজস্তানের রাজধানী বিসকেক ১৯৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদের ক্ষেত্রেও বাহিরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।
আর একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ ছাড়ালে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

