ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ম্যাচটি উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট শেয়ার করেন।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে নিয়ে রসিকতাপূর্ণ একটি পোস্ট দেন। গ্যালারি থেকে তোলা নিজের একটি ছবির সঙ্গে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত অবস্থায় তাকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।
ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি মজার পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

শেষ পর্যন্ত নরওয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করলে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদযাপনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

মেহজাবীনের এসব পোস্ট ও ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল—উভয় দলের সমর্থকদের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

