AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদকে সামনে রেখে বাজারে বাড়ছে মুরগির দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৪ এএম, ১৩ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে বাজারে বাড়ছে মুরগির দাম

ঈদুল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারগুলোতে বাড়তে শুরু করেছে মুরগির দাম। গত এক সপ্তাহে প্রতি কেজি মুরগির দাম প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কয়েক মাস ধরে নিম্নমুখী থাকা ডিমের দামও কিছুটা বেড়েছে।

শুক্রবার(১৩ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি—সব ধরনের মুরগির দামই বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিপ্রতি ৩৩০ থেকে ৩৫০ টাকা।

বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি বিক্রি হতো ২৮০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগির দাম ছিল ২৭০ থেকে ২৯০ টাকা। অর্থাৎ এক সপ্তাহেই এসব মুরগির দাম কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে দেশি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০০ থেকে ৬২০ টাকা।

রাজধানীর রামপুরা বাজারের এক বিক্রেতা জানান, ঈদের সময় মুরগির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে বর্তমানে সরবরাহ তুলনামূলক কম থাকায় পাইকারি বাজারেই দাম বাড়ছে।

এদিকে ফার্মের ডিমের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা আগে ছিল প্রায় ১০ টাকা কম।

তবে বাজারে অন্যান্য বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রমজান শেষের দিকে হওয়ায় ছোলা ও ডালের দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। চিনির দামও আগের মতো ১০০ থেকে ১১০ টাকার মধ্যে রয়েছে।

সবজির বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে বেগুন কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম। করলা ছাড়া অধিকাংশ সবজি ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।

এছাড়া বাজারে আলু কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, অনেক মানুষ ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করায় বাজারে ক্রেতা কমেছে। ফলে কিছু সবজির দাম কমে গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!