আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাস করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খেজুর আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো এবং রমজান মাসে বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম নাগালের মধ্যে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৩ ডিসেম্বর জারি করা হয়েছে এবং নতুন হার আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, আগের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত নিয়ম সংশোধনের মাধ্যমে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। খেজুর ও অন্যান্য ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে।
সরকারের এই পদক্ষেপে রমজানকেন্দ্রিক বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে পণ্যটি কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

