AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গভর্নর ড. আহসান এইচ মনসুর

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে

গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে আর্থিক খাত সংকুচিত হয়েছে। একসময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থাকলেও তা কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল, বর্তমানে রিজার্ভ পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতিকে টেকসইভাবে বড় করতে হলে টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক ও বাস্তবভিত্তিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে বলে জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ক্যাশলেস লেনদেন বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, “বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর ফলে বাজারে টাকার সরবরাহ কিছুটা বেড়েছে। তবে মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি না করে এমন উপায়ে মুদ্রা সরবরাহ বাড়ানোই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।”

তিনি বলেন, “চীন, ভারত ও ভিয়েতনামসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশের জিডিপির অনুপাতে মুদ্রা সরবরাহ এখনও অনেক কম। এই ঘাটতি পূরণ করতে হলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, বিদেশি ঋণ ও বিনিয়োগ আকৃষ্ট করার বিকল্প নেই।”

ড. আহসান এইচ মনসুর বলেন, “বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে পারলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়বে এবং পুরো ব্যাংক খাত শক্তিশালী হবে। তা না হলে বিচ্ছিন্নভাবে কয়েকটি ব্যাংক বড় হতে পারে, কিন্তু সামগ্রিক খাতে কাঙ্ক্ষিত সুফল আসবে না। অর্থনীতিতে পর্যাপ্ত টাকার সরবরাহ না থাকলে ব্যাংকগুলোর আমানতও বাড়বে না।”

তিনি আরও বলেন, “অতীতে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা অর্থনীতিতে থাকলে আজকের সংকটের অনেকটাই এড়ানো সম্ভব হতো। ধীরে ধীরে ও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সেই অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।”

ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, “নগদ টাকার ব্যবহার কমাতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। এজন্য বাংলাদেশ ব্যাংক চায়, সবার হাতে স্মার্টফোন থাকুক।”

তিনি বলেন, “ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারে জোর দিতে হবে এবং ক্রেডিট কার্ডের সীমা বাড়াতে হবে। ফিনটেক ও আর্থিক অন্তর্ভুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের প্রচলিত ব্যাংকগুলো ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকে রূপ নেবে। এজন্য এখনই প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে।”

একুশে সংবাদ/ওজি

Link copied!