পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে। তারা কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে, সেদিকে নজর রাখতে হবে।
পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ফরিদ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

