টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মোড়ে মোড়ে হকারদের কাছে মিলছে রঙবেরঙের পতাকা। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে ধনবাড়ী । প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় এখন সরগরম পুরো জেলা।
বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও দেশের অন্যান্য অঞ্চলের মতো ধনবাড়ীতেও ফুটবল উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন ও প্রতিযোগিতা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি, দোকানপাট ও সড়কগুলো ধীরে ধীরে সেজে উঠছে বিভিন্ন দেশের পতাকায়।
ধনবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন সমর্থকরা। উপজেলার বিভিন্ন সড়কে হকাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও অন্যান্য দেশের পতাকা বিক্রি করছেন। ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা বিক্রির দৃশ্য এখন নিয়মিত দেখা যাচ্ছে।
স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের কাছে আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তারা প্রতিবারই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
বিশ্বকাপকে সামনে রেখে ধনবাড়ীর বিভিন্ন এলাকায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নিচ্ছেন অনেক ক্রীড়াপ্রেমী। ফলে বিশ্বকাপের আগমনী আমেজে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে ধনবাড়ী উপজেলা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

