AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকদের উপর হামলা: তিন পুলিশ কর্মকর্তার পর এবার ওসি‍‍`কেও প্রত্যাহার


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১১:২৫ পিএম, ২৬ মে, ২০২৬

সাংবাদিকদের উপর হামলা: তিন পুলিশ কর্মকর্তার পর এবার ওসি‍‍`কেও প্রত্যাহার

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় গত শুক্রবার (২২ মে) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে তিন পুলিশ কর্মকর্তার পর এবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুত্র বলছে, মূলত দ্রুত সময়ের মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করতে না পারা ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ওসি আরমান আলীর ব্যার্থতার কারনে তাকে মৌখিকভাবে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও ওসিকে প্রত্যাহারের এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম আজ বিকালে বলেন, আমরা এখনো লিখিত আদেশ পাইনি, তবে মৌখিকভাবে প্রশাসনিক কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে আমরা জানতে পেরেছি। উর্ধতন কর্তৃপক্ষ হয়তো মনে করছেন ওসি আইনশৃঙ্খলা রক্ষায় যে ধরনের ভূমিকা রাখার কথা, সেটি পালনে হয়তো ব্যার্থ হচ্ছেন, যার কারনে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. শামীম রেজা‍‍`র (৩৫) সাথে সখ্যতা ও যোগাযোগ রক্ষার অভিযোগে সাভার মডেল থানা পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গত শনিবার ২৩ মে বিভিন্ন সুত্রে পাওয়া অভিযোগ ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল সোমবার সাভার মডেল থানার থানা পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন।

এসময় প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে আসা অভিযোগ তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

যদিও এদিন তাৎক্ষণিকভাবে প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তাদের নাম জানাতে না পারলেও প্রত্যাহারকৃত কর্মকর্তারা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সহ. উপ-পরিদর্শক (এএসআই) পদের কর্মকর্তা বলে জানান এসপি।

এর আগে, গত শুক্রবার (২২মে) সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভির স্থানীয় প্রতিনিধিসহ দেশ টিভি‍‍`র সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল কাইয়ুমসহ দেশ টিভি‍‍`র প্রাইভেট কার চালক জয়নাল।

হামলাকারীরা এসময় তাদের দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি এসএ টিভির স্থানীয় প্রতিনিধি সাদ্দাম ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার তুহিনকে ছুরিকাঘাত করে।

পরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণের পাশাপাশি ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে।

তবে ঘটনার পর পুলিশের প্রথম টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর পর সেখানে অভিযুক্ত শামীমের উপস্থিতি, তাৎক্ষণিকভাবে তাকে আটক না করা এবং পরবর্তীতে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই শামীমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের কিছু কর্মকর্তার সাথে শামীমের সখ্যতা ও যোগাযোগ রক্ষার অভিযোগ ওঠে। একইসাথে তার পালিয়ে যেতে সক্ষম হওয়ার পেছনে পুলিশের দায়িত্বে অবহেলা প্রশ্নটিও সামনে আসে।

ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক তুহিন জানান, মূলত মাদক ব্যবসায়ী শামীমের মাদক ব্যবসা ও মাদকের বিস্তার নিয়ে রিপোর্ট করতেই তথ্য সংগ্রহে অফিসের এসাইনমেন্টে সেদিন সকালে ঘটনাস্থলে যান তুহিন ও তার টিমের সদস্যরা। এক পর্যায়ে তাদের সহযোগীতা করতে এস এ টিভির প্রতিনিধি সাদ্দামও তাদের সাথে যোগ দেয়। এক পর্যায়ে বিকাল সাড়ে ৩ টার দিকে কাজ শেষ করে ফিরে আসার পথে তাদের উপর অতর্কিতভাবে এই হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা রিপোর্টার তুহিনের পেটে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা সহ সাংবাদিক সাদ্দামের গুলি করার চেষ্টা ও চোখ লক্ষ্য করে ছুরিকাঘাত করে বলে জানান তিনি।

পরবর্তীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাতেই শামীমকে প্রধান আসামী করে মোট ২১ জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জনকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম মজুমদার।

এর আগে, সম্প্রতি শামীমের মাদক সিন্ডিকেট ও প্রভাব নিয়ে এসএ টিভিতে একাধিক রিপোর্টও প্রকাশ করেন সাদ্দাম। সেসময় তার প্রথম রিপোর্টটি প্রকাশের পর র‍্যাবের পক্ষ থেকে শামীমের আস্তানায় অভিযান চালানো হয়। সেসময় শামীমকে না পেলেও শামীমের আস্তানার আশপাশ থেকে ৩ জনকে বিভিন্ন মাদক ও বিদেশি পিস্তলসহ আটক করে র‍্যাব। এরপর আবারও শামীমকে নিয়ে রিপোর্ট করলে সাদ্দামের উপর তীব্র ক্ষোভ তৈরি হয় শামীম সিন্ডিকেটের।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!