ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (সকাল ১০টা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে। উদ্বোধনের দিন থেকে আগামী ১০ মে পর্যন্ত টানা ২০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
উপজেলার মোট ৯৬টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন টিকা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম চলবে।
এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯ হাজার ৫৩৫ জন শিশুকে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

