বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
বৃহস্পতিবার রাতে ১৪০টি ভোটকেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, সান্টু মোট ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭০ হাজার ৭১৯ ভোট। এতে সান্টু ৬৯ হাজার ৪৬১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
উপজেলা ভিত্তিক ফলাফলেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর ব্যাপক সমর্থনের চিত্র উঠে এসেছে। বানারীপাড়া উপজেলার সব কেন্দ্রে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮৫০ ভোট। সেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় সান্টু ২১ হাজার ৭৩৭ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
অন্যদিকে উজিরপুর উপজেলার সব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৪৩০ ভোট। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮ হাজার ৬১৯ ভোট। উজিরপুরেও বড় ব্যবধানে এগিয়ে থেকে সামগ্রিকভাবে আসনটিতে বিজয় নিশ্চিত করেন তিনি।
ফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বরিশাল-২ আসনে সান্টুর এ জয়কে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বিপুল ব্যবধান তার বিজয়কে প্রায় নিশ্চিত করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

