বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মীরা গণমিছিল নিয়ে মোরেলগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশী বাসস্ট্যান্ডে গিয়ে মিলিত হন। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোমনাথ দে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জিত হলে মোরেলগঞ্জ ও শরণখোলাকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন এবং পৌরসভাকে দেশের একটি দৃশ্যমান পৌরসভায় রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ নয়—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
“ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা ও গণমিছিলকে কেন্দ্র করে মোরেলগঞ্জে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

