মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে টাঙ্গাইলের দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে ২০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীতরা হলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মোঃ আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রিজেন্ট বোর্ড কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

