সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটসাল দল। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ব্যাংককে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ভুটান ছাড়া বাকি পাঁচ প্রতিপক্ষকে হারায় সাবিনা খাতুন ও কৃষ্ণারা। ভুটানের সঙ্গে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

চারটি জয় ও একটি ড্র নিয়ে শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ২৫ জানুয়ারির সেই ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করে তারা। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ছিল ১২ পয়েন্ট।
এই ঐতিহাসিক সাফল্য উদ্যাপনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

