১৯৯৬ সালে রানা তুঙ্গার নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় শ্রীলংকা ক্রিকেট দল। বিশ্বকাপজয়ী সেই অধিনায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। শুধু তিনি নন, তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
বর্তমানে দেশের বাইরে থাকায় রানাতুঙ্গা ফিরলেই গ্রেফতার হবেন। তবে তার ভাই ধাম্মিকাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি।
ছাড়া পেলেও বিদেশ ভ্রমণ করতে পারবেন না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান। শ্রীলংকার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক তিনি।
রানাতুঙ্গার বিরুদ্ধে অভিযোগ-২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময় তেল বিক্রিতে দুর্নীতি করেন তিনি। ঘুষ ও দুর্নীতি কমিশনের কর্মকর্তা বলেছেন, ‘২০১৭ সালের চুক্তির হিসাব অনুযায়ী ২৭ লেনদেনে ৮০০ মিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।’
ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে শ্রীলংকার ফ্রিম পার্টির হয়ে এমপি এবং পরবর্তীতে মন্ত্রী হন রানাতুঙ্গা। তার ভাই প্রসন্ন রানাতুঙ্গা গত মাসে বীমা জালিয়াতির কারণে গ্রেফতার হয়েছেন।
তারও আগে ২০২২ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ দোষী সাব্যস্ত হন তিনি। তার শাস্তি হিসেবে ২ বছর স্থগিত কারাদণ্ড পেয়েছেন সাবেক পর্যটন মন্ত্রী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

