ভারতীয় উপমহাদেশে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস মাহে রমজান। যার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। মুসলিম ক্রিকেটারদের সুবিধার্থে পিএসএলের সূচিতে বদল আনা হয়েছে।আজ থেকে রাতের ম্যাচগুলো স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হবে। আর টস অনুষ্ঠিত হবে এর আধঘণ্টা আগে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
আজ সোমবার (১১ মার্চ) করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ দিয়ে পরিবর্তিত সময় সূচি কার্যকর হবে। প্রথম পর্বে অবশ্য খুব বেশি ম্যাচ বাকি নেই। ১২ মার্চ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের আসরের লিগ পর্ব।
আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে নক আউট পর্বের ম্যাচ। এলিমিনেটরের পরদিন অর্থাৎ ১৫ মার্চ প্রথম কোয়ালিফায়ার ও ১৬ মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। প্রতিটি ম্যাচই শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায়।
এরই মধ্যে আসরের প্লে অফ নিশ্চিত করেছে ৪টি দল। শেষ চারে উঠেছে মুলতান সুলতান্স, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর আসর থেকে বিদায় নিয়েছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

