বাংলাদেশের নির্বাচন, রাজনীতি ও অর্থনীতি: ভবিষ্যৎ দিকনির্দেশনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার গুলশানে অবস্থিত ওয়েস্টিন গ্র্যান্ড বলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রোখসানা খন্দকার। এ সময় প্রাসঙ্গিক সারসংক্ষেপ বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ড. মাহরীন খান, জুনিয়র রিসার্চ ফেলো, জেসাস কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড মার্টিন ফেলো, ফিউচার অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, হামীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ।
সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সহযোগী সংস্থা, বিভিন্ন দূতাবাস এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে নির্বাচন, রাজনীতি ও অর্থনীতির গতিপথ অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশটি যখন গণতান্ত্রিক প্রত্যাশা, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তখন বিশ্বাসযোগ্য নির্বাচন ও জবাবদিহিমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রবৃদ্ধি ও সামাজিক সংহতি বজায় রাখার জন্য অপরিহার্য।
তারা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ এবং ক্রমবর্ধমান নাগরিক প্রত্যাশার প্রেক্ষাপটে বাংলাদেশ একটি নতুন নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা আগের চেয়ে আরও জরুরি হয়ে উঠেছে। বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধার, জবাবদিহিমূলক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার ওপর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

