AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে বড় ধরনের কোনো জঙ্গি হামলার সুনির্দিষ্ট শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলানগর এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার তথ্য বা প্রত্যক্ষ হুমকি নেই। তবে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।”

র‍্যাব ডিজি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে র‍্যাবের পর্যাপ্ত জনবল এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জাল ভোট দেওয়ার অপচেষ্টা চালাবে বা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে—তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।”

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা, ভাঙচুর বা সহিংসতায় জড়ানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে—এমন গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে র‍্যাব ডিজি বলেন, “নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে সবাই যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!