‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
মেলা শুরুর বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ সময় বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন উপস্থিত ছিলেন।
সেলিম রেজা জানান, এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মেলায় মোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি।
গত বছরের তুলনায় এবার প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০২৫ সালের বইমেলায় অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান এবং ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।
মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলার নিয়মিত আয়োজনে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে শিশুপ্রহর আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার ব্যবস্থাও থাকছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে।
এদিকে মেলা শুরুর আগের দিন বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মীরা স্টল সাজানো, বই গোছানো এবং ব্যানার-ফেস্টুন টানানোর কাজে ব্যস্ত সময় পার করেন।
মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার জন্য নির্ধারিত পথ ঠিক করা হয়েছে। রমনা কালীমন্দির সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের অস্থায়ী ক্যাম্প ও আনসার প্লাটুনের নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

