সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ চলমান থাকার মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়।
শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক দায়ের করা আবেদনে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যক্রমে বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। এক মামলায় আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয় বলে দাবি করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়।
অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তাধীন ছিল। এর মধ্যেই বিচারপতির পদত্যাগের খবর এলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

