মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বিভিন্ন শর্তও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের উল্লেখ করা প্রধান শর্তগুলো
পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না বলে শর্ত দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা
প্রণালিটি সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য উভয়মুখীভাবে উন্মুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের টোল বা শুল্ক আরোপ করা যাবে না।
সামুদ্রিক মাইন অপসারণ
হরমুজ প্রণালিতে থাকা সব সামুদ্রিক মাইন দ্রুত অপসারণ বা নিষ্ক্রিয় করতে হবে। ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন সুইপার ইতোমধ্যে বহু মাইন ধ্বংস করেছে।
সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ খনন করে সম্পূর্ণ ধ্বংস করা হবে। এ কাজে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), ইরান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে।
নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বলেন, “আমাদের অভূতপূর্ব নৌ-অবরোধের কারণে যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে ছিল, তারা এখন নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে পারে।”
তিনি আরও জানান, আপাতত কোনো অর্থ ছাড় বা তহবিল মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কয়েকটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সিচুয়েশন রুমে বৈঠকে অংশ নিচ্ছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

