বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি বিশেষ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ইরান। খুব শিগগিরই এই মেকানিজম উন্মোচন করা হবে বলে জানিয়েছে দেশটি।
শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ ঘোষণা দেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর প্রকাশ করেছে।
ইব্রাহিম আজিজি জানান, ইরানের তৈরি নতুন এই ব্যবস্থার সুবিধা মূলত বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা দেশ বা পক্ষগুলো পাবে। এছাড়া, বিশেষায়িত সেবা দেওয়ার বিনিময়ে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনও ধরনের অর্থ প্রদান বা ফি দেওয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প।
মূলত আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

