AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪২ এএম, ১৭ মে, ২০২৬

রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল প্রায় ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন।

আগুন লাগার পর দ্রুত ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ওভারহেড বৈদ্যুতিক সংযোগ (ওএইচই) বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ধরে যায়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে অন্য কোচে স্থানান্তর করা হয়েছে, যাতে তারা কোটাপর্যন্ত যাত্রা চালিয়ে যেতে পারেন। পরে কোটায় একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করে ট্রেনটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথের মধ্যে দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

এর একদিন আগেও ভারতের আরেকটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন লাগে। তবে তখন কোচটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!