মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে এবং বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর পরপরই বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয় এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর আগে গত ১ মার্চও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে সেসব দেশে আর পাল্টা হামলা চালাবে না তেহরান।
তিনি জানান, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল ৬ মার্চ এক সিদ্ধান্তে জানিয়েছে— প্রতিবেশী দেশ থেকে ইরানে হামলা না হলে সেখানে পাল্টা হামলা চালানো হবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। তেহরানে ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

