ভারতের জাতীয় সড়কে অবতরণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী একটি সামরিক উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে মডেলের পরিবহন বিমানটি আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে সফলভাবে অবতরণ করে। হঠাৎ এই অবতরণে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় তৈরি হলেও এটি কোনো জরুরি পরিস্থিতির কারণে নয়।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটির ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ইএলএফ)’ সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবেই এই অবতরণ করা হয়। আসামের মোরান বাইপাসে নির্মিত ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বিশেষভাবে শক্তিশালী সড়কাংশটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্যোগ মোকাবিলা ও দ্রুত উদ্ধার তৎপরতায় এই ধরনের জরুরি অবতরণ সুবিধার গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন।
প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ইএলএফ যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত রানওয়ে হিসেবে ব্যবহারের উপযোগী। এতে সর্বোচ্চ ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং প্রায় ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। একই সঙ্গে এটি সামরিক ও বেসামরিক—উভয় প্রয়োজনে ব্যবহারযোগ্য এবং জরুরি অবস্থায় দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করবে।
ভারতে প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি চালু হয় ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায়। আসামের এই নতুন সংযোজনটি উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্ব আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উড়োজাহাজ অবতরণের পর প্রধানমন্ত্রী মোদী প্রায় ৪০ মিনিটের একটি বর্ণিল এয়ার শো উপভোগ করেন। এতে অংশ নেয় তেজস, সুখোই ও রাফালে যুদ্ধবিমান, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

