ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার পর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া জরুরি।
সুপ্রিম কোর্ট আরও জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং আইনগত কাঠামো নির্ধারণে আদালত পরবর্তীতে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করবে।
এই রায়ের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তিনি পরিস্থিতি অনুধাবন করছেন। ট্রাম্প আরও দাবি করেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সমন্বয় করে কাজ করতে সম্মত হয়েছেন।
নিকোলাস মাদুরো আটকের পর ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা কার হাতে থাকবে—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, রদ্রিগেজ সহযোগিতার পথ বেছে নিলে সেখানে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন পড়বে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

