ডিজিটাল সিকিউরিটি আইন পুনর্মূল্যায়ন করে সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে আয়োজিত ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনকে নতুন করে মূল্যায়ন করে এমনভাবে সংস্কার করা হবে, যাতে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি মিডিয়া রিফর্ম কমিশনকে ব্রিটিশ অফকম মডেলের আদলে পুনর্গঠনের চিন্তাও করছে সরকার।
তিনি আরও জানান, নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য একটি কার্যকর প্রতিকার কাঠামো তৈরি করা হবে। হত্যা, গুম, মিথ্যা মামলা বা হয়রানির শিকার সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা চালুর পরিকল্পনাও রয়েছে।
স্বাধীনতা ও দায়িত্বশীলতার ভারসাম্যের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈরাজ্যের মধ্যে স্পষ্ট সীমারেখা থাকতে হবে। এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।
বিজ্ঞাপন নীতিমালার বিষয়ে তিনি বলেন, এ খাতে অনিয়ম দূর করতে কাজ চলছে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

