AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীঘ্রই কমতে পারে মোবাইল ফোনের দাম


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

শীঘ্রই কমতে পারে মোবাইল ফোনের দাম

নতুন বছরের আগেই মোবাইল ফোনের বাজারে স্বস্তির বার্তা আসতে পারে। সরকার বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক কমানো হলে বাজারে মোবাইল ফোনের দামও কমে যাবে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আমদানিকেন্দ্রিক করব্যবস্থার পরিবর্তে ভ্যাট ও আয়করের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ পথে মোবাইল ফোন আমদানি রোধ করতে বৈধ আমদানিতে শুল্ক হ্রাসের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত তুলনামূলকভাবে কম। ফলে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে না বাড়লে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় খাতে ব্যয় বাড়ানো কঠিন হয়ে পড়বে। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে অর্থনীতির গতি ফেরানো সম্ভব হবে না। তবে চলমান আর্থিক চাপের মধ্যেও রাজস্ব আদায়ের প্রবাহ সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দরিদ্র জনগোষ্ঠীর পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে। তার মতে, গত তিন বছরে দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বৃদ্ধি পেয়েছে।

আলোচনায় আরও জানানো হয়, গত এক বছরে উৎপাদন খাতে নারীদের অংশগ্রহণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের সময়সূচি পুনর্বিবেচনার প্রয়োজন হলে নতুন সরকারের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় খুব সীমিত থাকবে বলেও সতর্ক করা হয়।

র‌্যাপিডের পক্ষ থেকে বলা হয়, রাজস্ব আদায়ের বর্তমান প্রবৃদ্ধি না বাড়লে নতুন সরকার চলতি অর্থবছরে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। রাজস্ব সংগ্রহে গতি না এলে বহু উন্নয়ন প্রকল্প পিছিয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!