দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে অন্যান্য অঞ্চলে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

